হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি

 




সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিলেন সিলেটের এক যুবক। সোমবার দিবাগত রাত ১২ টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার ঘোষণা দেন মহসিন তালুকদার নামে ওই যুবক।


কলকাতায় গিয়ে কালি পূজার অনুষ্ঠান উদ্বোধন করায় তাকে এ হুমকি দেওয়া হয়। ফেসবুক লাইভে এসে ওই যুবক সাকিবকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেন। এসময় তিনি তার হাতে থাকা একটি চাপাতি প্রদর্শন করেন।


সেইসাথে ওই যুবক লাইভে তার নিজের পরিচয়ও প্রকাশ করেন। একইদিন ভোরে ওই যুবক তার নিজস্ব ফেসবুক থেকে আরেকটি লাইভে এসে রাতের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে।


এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফুল্লাহ বলেন, সাকিবকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ তাকে গ্রেফতারে মাঠে নেমেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।

মন্তব্যসমূহ