হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ফ্রান্সের সমর্থনে স্ট্যাটাস: ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

 




মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তিকারী ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন ও তার উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে কুমিল্লায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িসহ ২ টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফেসবুকে স্ট্যাটাস দেয়া ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিকারী ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন ও তার উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় বাঙ্গরা বাজার থানা এলাকার কোরবানপুর গ্রামের শংকর দেবনাথ ও কিশোর দেবনাথ। এ ঘটনায় আইসিটি আইনে দায়ের করা মামলায় শংকরকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। স্থানীয়রা জানায়, অপর স্ট্যাটাস প্রদানকারীর বিরুদ্ধে রোববার স্থানীয় কোরবানপুর হাইস্কুল মাঠে স্থানীয় পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন কুমার শীবের নেতৃত্বে সালিশের মাধ্যমে বিচার হওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান সালিশে না যাওয়ার অভিযোগ করে এলাকার লোকজন তার বাড়ি ও শংকরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে বাঙ্গরা বাজার, মুরাদনগরসহ আশপাশের থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিকালেই অভিযুক্ত কিশোর দেবনাথকে আটক করে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল-আহসান জানান, ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে স্ট্যাটাস প্রদানকারী শংকরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারপরও কারা বা কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্যসমূহ