হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে গৃহহারা ৪৩ হাজার মানুষ

 ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর এ পর্যন্ত ১০২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া গৃহহারা মানুষের সংখ্যা বেড়ে ৪৩ হাজারে পৌঁছেছে। শুক্রবার এ সংখ্যা ছিল ২৩ হাজার।

গত বুধবার ভোরে রিখটার স্কেলে ৬.৫ তীব্রতার ভূমিকম্প দেশটির আচেহ প্রদেশে আঘাত হানে। এতে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি ধসে পড়া স্থাপনা পুনর্নির্মাণে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।


ভূমিকম্পে পিদি জায়া জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২৪৫টি ভবন ধসে গেছে। অনেক সড়কে ফাটল দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। ভয়াবহ ক্ষতিগ্রস্ত মেউরিউডো শহরে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার ও কেউ বেঁচে আছে কি না, তা খুঁজে পেতে গন্ধ শুঁকে শনাক্তধারী (স্নিফার) কুকুর নিয়ে শনিবারও অনুসন্ধান চালানো হচ্ছে।

 বিবিসি

মন্তব্যসমূহ