হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪


রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। প্রতিনিয়ত আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃতের তালিকাও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের প্রাণহানি হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯৪ জন।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এ নিয়ে চলতি মাসের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে ৯২ জনের মৃত্যু হলো। চলতি বছরে এখন পর্যন্ত ৪০৭ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। 

মৃতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ হাজার ৫৯৫ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৮৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৩৮ জন, বরিশাল বিভাগে ১১৯ জন, খুলনা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মন্তব্যসমূহ