হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত

 




ভারতের ছত্তিশগড়ের একটি বিমানবন্দরে অবতরণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দু’জন পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করা হয়েছিল।


নিহত দুই পাইলটের নাম ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটরা হেলিকপ্টারটি অবতরণের চেষ্টার সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে আগুন ধরে যায়। এছাড়া হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না।


তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে সঠিক কারণ খুঁজে বের করার জন্য ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে বিশদ প্রযুক্তিগত তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।


এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এইমাত্র রায়পুরের বিমানবন্দরে রাষ্ট্রীয় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক সংবাদ পেয়েছি। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের উভয় পাইলট ক্যাপ্টেন পান্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব মারা গেছেন। সৃষ্টিকর্তা এই শোকের সময়ে নিহতের পরিবারের সদস্যদের শক্তি এবং বিদেহী আত্মার শান্তি দিন।’

মন্তব্যসমূহ