হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

রমজানে অতিরিক্ত পণ্য কেনার কারণেই দাম বাড়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানে ভোক্তারা অতিরিক্ত পরিমাণ পণ্য কেনেন, এ কারণে চাহিদা ও দাম বেড়ে যায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দেশে পণ্যের কোনো অভাব নেই বলেও জানান তিনি।  

আজ শনিবার রাজধানীতে দোকান মালিক সমিতি আয়োজিত রমজানে পরিমিত ক্রয় ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমরা বেশি করে কিনি এই রোজার মাসে, সেই জন্যই (দাম বাড়ে)। না হলে অভাবের কোনো কারণ নেই। চাঁদাবাজি করলেই প্রশাসনের নজরে এলে তার ব্যবস্থা কিন্তু আমরা করে ফেলব।’

বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে নতুন এই অভিযান, যাতে রমজানে পরিমিত পণ্য কেনায় উৎসাহিত করা হয়। কারওয়ান বাজারসহ রাজধানীর বেশ কিছু বাজারে এই কর্মসূচির আওতায় রমজান মাসজুড়ে ১০০ টাকায় বেগুন, পেঁয়াজ, শসাসহ সাতটি পণ্যের প্যাকেজ দেবেন ব্যবসায়ীরা। মূলত সাধারণ মানুষকে অতিরিক্ত পণ্য কিনতে নিরুৎসাহিত করতেই এই কর্মসূচি বলে জানান ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান, এফবিসিসিআইয়ের নতুন সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও পরিচালক শমী কায়সার, ক্যাবের সভাপতি গোলাম রহমান। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ