হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫৫



 সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৪৮৩ জনে। এ ছাড়া গত এক দিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার সংখ্যা ৪৩৪ জন। এ ছাড়া উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ১৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৭৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৩৮ জন মারা গেছেন। এ ছাড়া উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্যসমূহ