হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বাংলাদেশের আইনে যাবজ্জীবন কারাদণ্ড মানে কি আমৃত্যু কারাদণ্ড?

বাংলাদেশের আইনে যাবজ্জীবন কারাদণ্ড মানে কি আমৃত্যু কারাদণ্ড, নাকি নির্দিষ্ট মেয়াদে সাজা?
এ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে আজ (মঙ্গলবার) একটি হত্যা মামলার আপীলের রায় দিতে গিয়ে দেশটির সর্বোচ্চ আদালত যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাদণ্ড বলে বর্ণনা করার পর।
১৯৯৬ সালে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সার্কুলারে কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত ধার্য করা হয়েছিল। তখন থেকে এটিই প্রচলিত রয়েছে।
এমনকী কারাগারে ভালো আচরণের জন্য জেল কোড অনুযায়ী ৩০ বছরের আগেও অনেক কয়েদি মুক্তি পান।
কিন্তু সুপ্রিম কোর্টে মঙ্গলবারের এই রায়ের পর বর্তমানের সর্বোচ্চ ৩০ বছর কারাদণ্ডের মেয়াদ এবং আগাম মুক্তির প্রচলন কি বৈধ থাকবে কিনা - তা নিয়ে বেশ কজন আইনজীবী পরিষ্কার উত্তর দিতে পারেন নি।
এমনকী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও বিবিসির এক প্রশ্নে খোলাখুলি বিভ্রান্তি প্রকাশ করেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এক খুনের মামলায় সাজাপ্রাপ্ত দুজনের আপিলের শুনানির সময় আদালত বলেন, যাবজ্জীবন দণ্ড মানে আমৃত্যু দণ্ড, এবং এই মামলার রায়ে সেটা তারা স্পষ্ট করে দেবেন।
এর অর্থ কী এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হলেই তা আমৃত্যু দণ্ড হিসাবে গণ্য হবে - এই প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন তা বুঝতে রায়ের লিখিত কপির জন্য তিনি অপেক্ষা করছেন।
সুপ্রিম কোর্টেরই একজন সিনিয়র আইনজীবী বিবিসিকে বলেছেন, সম্প্রতি যুদ্ধাপরাধ বিষয়ক ট্রাইব্যুনালে 'আমৃত্যু' কারাদণ্ডের রায় হওয়ার পর থেকেই এই বিভ্রান্তির শুরু হয়।
তিনি বলেন, ট্রাইব্যুনালের ঐ সব রায়ের সূত্র ধরেই গত বছর খানেক ধরে আপিল বিভাগের কিছু রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে আমৃত্যু শব্দটি জুড়ে দেওয়া হচ্ছে। বিবিসি

মন্তব্যসমূহ